নাটোর প্রতিনিধি—
চলতি মৌসুমে বোরো ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেছে।
শুক্রবারে (২৮ এপ্রিল) উপজেলার চকসিংড়া, শোলাকুড়া ও সোহাগবাড়ি এলাকার ৫ কৃষকের ৪ বিঘা জমির বোরো ধান কেটে দেন তারা। জানা যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের নেতৃত্বে এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
চকসিংড়ার কৃষক মারফত আলী জানান, এ মৌসুমে তিনি ১ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করে ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। এঅবস্থায় বিনামূল্যে ছাত্রলীগের নেতাকর্মীরা আজ তার জমির ধান কেটে দিয়েছে।এতে তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন এই কৃষক।
মোছাঃ শুকুরন বলেন, কয়েক দিন আগে থেকে তার ১৬ শতাংশ জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন।
সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল বলেন, আজ প্রথমদিনে ৫ জন দরিদ্র কৃষকের ৪ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। পুরো বোরো মৌসুমে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Be the first to comment