১২শ টাকা কেজিতে ইলিশ যাচ্ছে ভারতে

দেশে দাম বেশি হওয়ায় ক্ষোভ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ইলিশ। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির প্রথম চালান ৭,৩০০ কেজি ইলিশ আখাউড়া স্থলবন্দর হয়ে গেলো ভারতের ত্রিপুরা রাজ্যে। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় আখাউড়া স্থলবন্দর হয়ে ইলিশের চালান পৌঁছে ত্রিপুরার আগরতলায়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মুল্য ১২০০ টাকা।

রপ্তানিকারক প্রতিষ্ঠান স্বর্ণালী এন্টারপ্রাইজের প্রতিনিধি ফারুক আহম্মেদ ও সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স আদনান ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, হিমায়িত অবস্থায় ইলিশের প্রথম চালানে প্রতিটি কার্টুনে ২০টি করে মাছ রয়েছে। রপ্তানিকৃত মাছের মধ্যে আকার ভেদে ৮০০ থেকে ১,১০০ গ্রাম ওজনের মাছ রয়েছে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে ১০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতিকেজির দাম ১,২০০ টাকা। সেই অনুপাতে প্রতি মেট্রিক টন ইলিশের রপ্তানি আয় হয়েছে ১০ হাজার মার্কিন ডলার। মাছগুলো রপ্তানি করছে বিডিএস করপোরেশন ও স্বর্ণালী এন্টার প্রাইজ নামে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে বিডিএস করপোরেশন ৩ হাজার কেজি ও স্বর্ণালী এন্টারপ্রাইজ ৪,৩১২ কেজি। কিনেছে ভারতের হিমপেক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।

আখাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান জানান, রপ্তানি করা মাছগুলোর গুণগত দিক পরীক্ষা করে দেখেন তিনি। পরে রপ্তানির জন্য ছাড়পত্র দেন।
বন্দরের রাজস্ব কর্মকর্তা ওহিদুজ্জামান খান জানান, দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তক্রমে এই ইলিশ মাছের চালান রপ্তানি হচ্ছে।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সারা দেশে ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা আগামী ১৩ অক্টোবরের আগ পর্যন্ত ধাপে ধাপে সারা দেশ থেকে মোট ২৪২০ টন ইলিশ ভারতে রপ্তানি করতে পারবে। এর মধ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে ধাপে ধাপে প্রায় ২৫০ টন ইলিশ যাবে ভারতের ত্রিপুরা রাজ্যে।

এদিকে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ১২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। দেশের ৪৯টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। ১২ অক্টোবরের আগেই সংশ্লিষ্টদের ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মূল্যে রপ্তানি হচ্ছে

কাস্টমস সূত্রে জানা গেছে, ইলিশের প্রথম চালানের রপ্তানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ইলিশ ছাড়করণে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল বাংলাদেশ লজিস্টিক। কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) পক্ষ থেকে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। বিশেষ বিবেচনায় সরকার প্রথমে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। পরে তা কমিয়ে ২ হাজার ৪২০ টন নির্ধারণ করা হয়।

বেনাপোল স্থল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ৪৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে ১২ টন ইলিশ ভারতের রপ্তানি করার জন্য আমরা অনুমতি দিয়েছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*