নাটোরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বোরো উৎপাদন

নাটোর প্রতিনিধি-

নাটোরে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১১ হাজার ৭৪৩ হেক্টর বেশি জমিতে বোরোর চাষাবাদ হয়েছে।

ফলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার ২ লাখ ৮৮ হাজার ২৭০ মেট্রিক বোরো ধান উৎপাদনের আশা করা হচ্ছে।
চলতি মৌসুমে ২ লাখ ৭৬ হাজার ৫২৭ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৫৮ হাজার ৭১০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬১ হাজার ২০৪ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।

কৃষি বিভাগের দাবি এবার কৃষি উপকরণের সহজলভ্যতা, উন্নত জাতের বীজ প্রাপ্তি, চাষাবাদের পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকায় বোরোর আবাদ বেড়েছে।

এমাসের মাঝামাঝি সময়ে জেলার শস্যভাণ্ডার খ্যাত নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় বোরো ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আবু নাসের ভূঁঞা।

সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. সাইফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোছা. ফৌজিয়া ফেরদৌস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান কর্তন অনুষ্ঠানে যোগদানের সময় স্থানীয় কৃষক ও ধান কাটা শ্রমিকরা জেলা প্রশাসকসহ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে হাতে কাচি নিয়ে বোরোর জমিতে ধান কেটে কর্তন কাজের উদ্বোধন করেন অতিথিরা।

এসময় অতিথিরা কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কর্তন পরিদর্শন করেন। একই সঙ্গে তারা উপস্থিত ৫০ জন শ্রমিককে শুকনো খাবার, পানি ও সালাইন বিতরণ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*