স্টাফ রিপোর্টার-
রাজশাহীতে ঝড় ও শিলাবৃষ্টিতে আম, ধান, কলা, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে জেলার অন্তত চারটি উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছিল। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার রাজশাহীতে প্রায় ৪১ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে গেয়েছিল।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান বলেন, বুধবার বিকেল ৫টা আট থেকে ৫টা ১০ পর্যন্ত দুই মিনিট ৪১ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে গেছে। এরপর ৫টা ২২ পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে গেছে।
এদিকে, রাজশাহী কৃষি বিভাগ বলছে, জেলার অন্তত চার উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। প্রতিটি উপজেলায় অন্তত ১০ থেকে ১৫ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার বিকেলের এই বৃষ্টি ও ঝড়ে ভেঙে গেছে গাছ-গাছালি। ঝরে পড়েছে গাছের আম। শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা ও আমের ক্ষতি হয়েছে বেশি। এছাড়া পানের বরজের আংশিক ক্ষতি হয়েছে।
সরেজমিনে শুক্রবার সকালে পুঠিয়ার সেনভাগ এলাকায় একটি কলাবাগানে গিয়ে দেখা যায়, বাগানের ৯০ শতাংশ গাছ মাথা থেকে ভেঙে পড়েছে। যার থেকে আর কোনো ফলন আশা করা যায় না। বাগান মালিক বলেন, সারাবছর অনেক পরিচর্যা করে গাছগুলো বড় করেছি। সবে মাত্র গাছে কাইন আসতে শুরু করেছে। কিন্তু হঠাৎ করে আসা এই ঝড়ে বাগানের সব গাছ ভেঙ্গে গেছে। তিনি বলেন, গাছের সাথে সাথে যেন তার সব স্বপ্ন শেষ করে দিয়ে চলে গেল।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন বলেন, রাজশাহীর তানোর, দুর্গাপুর, পবা ও পুঠিয়া এলাকায় শিলাবৃষ্টির কথা শুনেছি। শিলাবৃষ্টির কারণে এসব অঞ্চলের আমসহ সব ফসলেরই ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে জানান এ ই কৃষি কর্মকর্তা।

Be the first to comment