ঈশ্বরদীতে ৫০০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার-

পাবনার ঈশ্বরদীর হাট। বাজারে আসতে শুরু হয়েছে মিষ্টি সুস্বাদু লাল ঠসঠসে বোম্বে লিচু। ফলন কম হলেও ভালো দাম পেয়ে লিচু চাষি ও ব্যবসায়ীরা খুশি। স্থানীয় হাটবাজারে বোম্বে লিচুতে সরগরম হয়ে উঠেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে এসে থেমে পাইকারি ব্যবসায়ীরা ট্রাকবোঝাই করে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে প্রায় ৫০০ থেকে ৫২৫ কোটি টাকার লিচু বিক্রির প্রত্যাশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

এদিকে চলতি মৌসুমে ঈশ্বরদীতে লিচুর মুকুল কম আসার পাশাপাশি তীব্র দাবদাহে এর গুটি ঝরে পড়ে। দাবদাহ চলা অবস্থায় পাকার আগে ও পরে অনেক গাছেই লিচু ফেটে শুকিয়ে নষ্ট হয়েছে। তবে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ও চাষিদের অভিজ্ঞতার আলোকে নিজ উদ্যোগে বিভিন্ন উপায়ে লিচু রক্ষার চেষ্টা করা হয়।

ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ঈশ্বরদীতে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উপজেলার সলিমপুর, সাহাপুর, পাকশী, দাশুড়িয়া, মুলাডুলি ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের প্রত্যন্ত এলাকাসহ সব মিলিয়ে বাগানের সংখ্যা ১২ হাজার ৩৬০টি। গাছ রয়েছে ২ লাখ ৮০ হাজার। প্রতিটি গাছে ৪ থেকে সাড়ে ৪ হাজার লিচু ধরে। এখানকার মাটি লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় ৩০ বছর ধরে বাণিজ্যিকভাবে লিচুর আবাদ হয়ে আসছে এই জনপদে।

লিচু চাষিরা জানান, ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাগুরা, রাজবাড়ী, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার পাইকারি ক্রেতারা ঈশ্বরদীতে এসেছেন লিচু কিনতে। দেশের বিভিন্ন এলাকার লিচু ব্যবসায়ী আগে থেকেই লিচু বাগান কিনে নিজেরাই দেখাশোনা করেছেন। তারা এখন গাছ থেকে পেরে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার বলেন, লিচু এ এলাকার অন্যতম প্রধান অর্থকরী ফল। বাণিজ্যিকভাবে লিচু চাষ করে এখানকার মানুষ স্বাবলম্বী হয়ে উঠছেন। দেশব্যাপী ঈশ্বরদীর লিচুর আলাদা কদর রয়েছে। এখানে ২ লাখ ৮০ হাজার লিচুগাছ রয়েছে। প্রতিটি গাছে ৪ থেকে সাড়ে ৪ হাজার পর্যন্ত লিচু ধরে। এবার মুকুল কম আর বৈরী আবহাওয়ার কারণে লিচুর ফলন কম হয়েছে। প্রচণ্ড গরমে কিছু গাছ থেকে গুটি ঝরে পড়া ও কিছু লিচু ফেটে নষ্ট হয়েছে। এরপরও সামগ্রিকভাবে লিচুর বাজারমূল্য হবে ৫০০ থেকে ৫২৫ কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*