আর মাত্র কয়েকদিন পরই কোরবানী’র ঈদ। এরইমধ্যে অনেকে হয়তো কোরবানীর জন্য গরুর খোঁজ-খবর নিচ্ছেন। কোরবানীর ঈদকে সামনে রেখে প্রতিবছরই দেশের বড় বড় খামারগুলো তৈরি করে ছোট-বড় আকারের নানান জাতের গরু। তবে, শুধু বড় খামার গুলোই নয়, দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক খামারেও কোরবানী’র ঈদকে কেন্দ্র করে গরু মোটাতাজা বা প্রস্তুত করা হয়। প্রতিবছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম।
এবার নাটোরের এক দম্পতি এমন একটি বিশাল গরু প্রস্তুত তাক লাগিয়ে দিয়েছেন। মালিক দম্পতি গরুরটির নাম দিয়েছেন তুফান। প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন প্রায় ৩৫ মন। এরইমধ্যে ১৪ লাখ টাকা দাম উঠেছে।ইতিমধ্যেই নাটোর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন তুফানকে দেখতে। স্থানীয় গরু ব্যবসায়ীদের মাঝেও তুফান আলোচনার শীর্ষে রয়েছে।
তুফানকে দেখতে নাটোরের লোচনগর গ্রামে ঐ দম্পতির বাড়িতে যান কৃষি জীবনের এই প্রতিবেদক। সেখানে তুফানকে শুরু থেকে এই পর্যন্ত লালন-পালন করা মরিয়ম খানমে’র সাথে কথা হয় । তিনি কৃষি জীবন’কে বলেন, আমি ও আমার স্বামী তুফানকে আমাদের আরেকটি ছেলের মতই বড় করেছি। তুফান আমার কথা বুঝতে পারে। আমি তাকে উঠতে বললে উঠে দাঁড়ায়,আবার সালাম দিলে মাথা নিচু করে সালাম গ্রহন করে। তাকে অনেক যত্ন করে আমরা বড় করেছি। তুফানের বর্তমান বয়স সাড়ে তিন বছর।
তিনি জানান, গত বছরও তুফানকে নিয়ে অনেক হই-চই হয়েছে।তবে সেবছর আমরা তুফান কে বিক্রি করিনি। কিন্তু এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি তুফানকে বিক্রি করে দিবো।
মরিয়ম খানমে’র স্বামী বাবু বলেন, তুফান কে বিক্রি করব এমন খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা থেকে তুফানকে দেখতে আসছেন অনেক ক্রেতা ও দর্শনার্থী।
কেমন দামে তুফানকে বিক্রি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তুফান কে আমরা অনেক যত্ন ও ভালবাসা দিয়ে বড় করেছি। তাই তার দাম চাওয়াটা অনেক কষ্টসাধ্য। তারপরও প্রাথমিকভাবে আমরা একটি দাম প্রকাশ করেছি। তুফানের জন্য আমরা ২০ লাখ টাকা দাম চেয়েছি।
এক্ষেত্রে ক্রেতাদের সাথে তাদের আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলে জানান মরিয়ম। প্রতিদিন খৈল, ভূষি, কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় তুফানকে। ঘরের মধ্যে ফ্যান চালাতে হয় সব সময়। দিনে কমপক্ষে দুইবার গোসল করাতে হয়।
সাবেক এনজিও কর্মী মরিয়মের আশা অনেক কষ্টে লালন-পালন করা তুফানের একটি ভালো দাম পাবেন। তবে, করোনায় এবারের কোরবানীর হাটের অবস্থা কি থাকে তা নিয়ে কিছু দুশ্চিন্তাও আছে।

Be the first to comment