এ কেমন‌ শত্রুতা?

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়নের শিমুল ইসলামের পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগও করেছেন মাছ চাষি শিমুল।

গত ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার মোহনপুর মাস্টারপাড়ার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মাসুদুল হাসান মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা শিমুল ইসলামের পুকুরে বিষ প্রয়োগ করেছে শুনেছি। তবে তাকে থানা পুলিশে অভিযোগ দিতে বলা হয়েছে।

মাছচাষি শিমুল বলেন, ‘আমার বাড়ির পাশের সিংড়া গ্রামে সাত বিঘা জলকরের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছি। এবারো বিক্রির উপযুক্ত প্রায় ১৫ লাখ টাকার মাছ ছিল। সে সূত্রে এলাকার আব্দুল মান্নান নামের একজনের সাথে আমার মাঝে মধ্যে দ্বন্দ্ব হতো। তিনি এই পুকুর ছেড়ে দিতে কয়েকবার হুমকিও দিয়েছেন। পরে পুকুরে থাকা সব মাছ মরে ভেসে উঠলে আজ সকালে প্রতিবেশীরা আমাকে খবর দেন। এ বিষয়ে আব্দুল মান্নানকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।’

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার বিষয়ে একজন চাষি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*