আব্দুর রহমান একজন বিদেশ ফেরত ব্যক্তি। তিনি দেশে বসেই গ্রিন মাল্টা চাষ করে বিদেশের কাজের সমপরিমাণ টাকা আয় করছেন। তিনি গ্রিন মাল্টা চাষ শুরু করেন গত দুই বছর আগে থেকে।
এখন তার বাগানের প্রতিটি গাছে গ্রিন মাল্টা নামের সুস্বাদু ফল ধরেছে এবং পাকা শুরু হয়েছে। ইতোমধ্যে বিক্রিও হয়েছে কয়েকশত কেজি মাল্টা। এই বাগানের ভেতরে তিনি সারাবছর মাল্টা গাছের ফাঁকে ফাঁকে সবজি উৎপাদন করে আয় করছেন বাড়তি লাখ টাকা।
মাল্টা চাষি আব্দুর রহমানের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামে। তিনি জানান, প্রায় ১৯ বছর সৌদি আরবে একটি কোম্পানিতে চাকুরি করেছেন। প্রবাস জীবনে থেকে চাকুরি করে আশানুরূপ টাকা উপার্জন করতে পারেননি।
হঠাৎ মাটি ও মানুষের টানে চলে আসেন দেশে। তখন ২০১৯ সালের ১ জানুয়ারি। দেশের মাটিতে ফিরে এলেন তিনি। তখন মনে মনে চিন্তা করেন ভালোমানের ফসল উৎপাদন করে বিদেশের সমপরিমাণ টাকা উপার্জন করবেন।
মাথায় মাল্টা চাষের পরিকল্পনা চেপে বসে বাড়ির পাশে রেকর্ডিয় পতিত জমি থাকার কারণে। ৬মাস চলে যায় এভাবে ভাবতে ভাবতেই। ঐ বছরেরই জুন মাসে এই মাল্টা চাষ শুরু করতে পরামর্শ নিতে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে ছুটে যান।
তিনি মাল্টা চাষে ভালো ফলন চান, তার সাথে চান সমৃদ্ধশালী কৃষি উন্নয়ন পরামর্শ।কৃষি অফিসের কর্মকর্তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাঁর এই পরামর্শে বেশ আগ্রহ থাকার কারণে। তখন ২০১৯-২০ অর্থ বছরে আব্দুর রহমানকে স্থাপিত ‘মাল্টা ব্লক প্রদর্শনী’ নামে হাতে তুলে দেন ২০০ গ্রিন মাল্টা গাছের চারা।
মাল্টা বাগানের ভালোমন্দ দেখাশোনার দায়িত্বও দেয়া হয় একজন কৃষি উপ-সহকারী কর্মকর্তাকে। আব্দুর রহমান এই সহযোগিতা পেয়ে খুবই আগ্রহের সাথে বাগানের কাজ শুরু করেন। ধনপুর ইউনিয়নের মাছিমপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বিধু অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্বে থাকেন ।
মাল্টা গাছ রোপণের সাথে সাথে মাটি ভরাটসহ বাগানের চারিদিকে নিরাপত্তা রক্ষায় বেষ্টনি নির্মাণ করেছেন আব্দুর রহমান। বাগানের রক্ষণাবেক্ষণ করতে এ পর্যন্ত খরচ হয়েছে তার লাখ টাকার উপরে। এই খরচের চিন্তা তার মাথায় রেখে নানা কৃষি উৎপাদন কৌশল কাজে লাগিয়ে মাল্টা বাগানের ভেতরে সবজি চাষ করেছেন। প্রথম বছর সবজি চাষে ভালো লাভ হয়েছে।
এখন সারাবছর বাগানের মাল্টা গাছের ফাঁকে ফাঁকে শসা, ঢেঁড়স, মরিচ, টমেটো, লাউ ইত্যাদি চাষ করে অনেক ফসল উৎপাদন করছেন। এই সবজি বিক্রি করেও ভালো টাকা পাচ্ছেন।
আব্দুর রহমান জানান, দুই বছর আগে রোপণকৃত তার মাল্টা বাগানে ১৪০টি গাছে কাঁচা পাকা মাল্টা ঝুলে আছে। ফলের ভারে গাছ নুয়ে পড়ছে। বাঁশের কঞ্চি দিয়ে আটকে রেখেছেন। প্রতিটি গাছে মাল্টা ধরেছে অন্তত ৩০ কেজি করে।
প্রতি কেজি ১৪০ টাকা দরে পাইকারি হারে বিক্রি করা যায়। বাজারেপ্রতি কেজি মাল্টা খুচরা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। এই হিসেবে প্রতিবছর তাঁর বাগান থেকে অন্তত ৬ লাখ টাকার মাল্টা পাইকারি হারে বিক্রি করতে পারবেন।
মাল্টা বাগানে এখন তার কোনো খরচ নেই। ফল ধরবে বছর বছর। এছাড়াও সবজি বিক্রি করতে পারবে বছরে প্রায় ২ লাখ টাকার। মাল্টা চাষকে আরও সমৃদ্ধ করে বছরে অন্তত ২০ লাখ টাকা উপার্জনের পরিকল্পনা রয়েছে চাষি মোহাম্মদ আব্দুর রহমানের।
সুনামগঞ্জ শহরের একাধিক মাল্টা ব্যবসায়ী জানান, বিশ্বম্ভরপুর এলাকায় উৎপাদিত মাল্টা রসে ভরা ও সুস্বাদু। আমরা বাইরে থেকে এনে হলুদ রঙের মাল্টা বিক্রি করি। স্থানীয় উৎপাদিত মাল্টা বিক্রি করার চিন্তায় আছি।
ধনপুর ইউনিয়নের মাছিমপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বিধু বলেন, আমি এই মাল্টা বাগানে ভালো উৎপাদনের জন্য প্রতিনিয়ত লক্ষ্য রেখেছি, পরামর্শও দিয়ে আসছি। এখন ফলন ভালো হয়েছে। রসে ভরা এই গ্রিন মাল্টাতে অত্যন্ত সুঘ্রাণ রয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু। আমিও আনন্দিত চাষি আব্দুর রহমানের আনন্দে।
সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব জানান, আমরা খবর পেয়ে এখানে বাগান দেখতে এসেছি। এখন সরেজমিনে এসে দেখে আনন্দিত হয়েছি। পাহাড়ের কাছাকাছি বাগানটি এতো সুন্দর যে সারাক্ষণ বাগানে বসে থাকতে মন চায়। এখানকার মাটি মাল্টা চাষের উপযোগী হওয়াতে চাষি আব্দুর রহমানের এই মাল্টা বাগানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
বিশ্বম্ভরপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, চাষি আব্দুর রহমানকে মাল্টা চাষ করার জন্য তাঁরা ২ বছর আগে চারা দিয়েছিলেন। এখন মাল্টা ধরেছে আব্দুর রহমানের বাগানে। গ্রিন মাল্টা খুবই সুস্বাদু।
বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস জানান, তিনি যখন ঐ উপজেলায় ছিলেন তখনই বিদেশ থেকে ফিরে আসা ধনপুরের চাষি আব্দুর রহমানের এই মাল্টা চাষে আগ্রহ দেখে তাকে ২০০ গ্রিন মাল্টার গাছ দিয়েছিলেন। এখন শোনা যাচ্ছে বাগানে ভালো উৎপাদন হয়েছে। তাঁর এই বাগান দেখে অন্যান্য চাষিরাও এই মাল্টা চাষ করতে উদ্বুদ্ধ হবেন।

Be the first to comment